সিরিয়ায় শান্তির রোডম্যাপ তৈরিতে ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান এরদোগানের

Printed Edition
onno-3
সিরিয়ায় শান্তির রোডম্যাপ তৈরিতে ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান এরদোগানের

আনাদোলু

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সমন্বয়ের ওপর জোর দিয়েছেন।

রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন দলের পার্লামেন্টারি সভায় তিনি সব পক্ষকে ঐক্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সাথে দীর্ঘমেয়াদি শান্তির পথে বাধা সৃষ্টি করতে পারে এবং সম্ভাবনার ক্ষতি করতে পারে, এমন পদক্ষেপগুলো এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তিনি।

বুধবার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির পার্লামেন্টারি দলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এরদোগান বলেন, ‘সিরিয়ার জন্য আমাদের সবচেয়ে বড় আকাক্সক্ষা হলো স্থিতিশীলতা ও শান্তি অর্জন করা; আমরা চাই সিরিয়ার জনগণ ঐক্যের মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তুলুক।’

বছরের পর বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে তিনি দেশটির বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের রূপরেখা ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং এই প্রক্রিয়ায় অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন।

তুর্কি নেতা বলেন, ‘সিরিয়ার স্থায়ী শান্তির জন্য রোডম্যাপ তৈরি করা হয়েছে; সব পক্ষকে অতীতের ভুলের পুনরাবৃত্তি, অথবা বিভিন্ন দাবির মাধ্যমে এই প্রক্রিয়াটিকে বিষাক্ত করা এড়াতে হবে।’ যুদ্ধের মানবিক বিপর্যয়ের দিকটি তুলে ধরে এরদোয়ান আরো বলেন, ‘প্রতিটি রক্তের ফোঁটা আমাদের হৃদয় ভেঙে দেয়। আরব, তুর্কমেন, কুর্দি বা নুসাইরি নির্বিশেষে সিরিয়ায় হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণ আমাদের নিজেদেরই একটি অংশ হারানোর অনুভূতি দেয়।’ সিরিয়ার নেতৃত্বকে দেশটির পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

এরদোয়ান বলেন, ‘সিরিয়ার সম্পদ এবং ভূগর্ভস্থ খনিজ সম্পদ সমাজের সব অংশের সমৃদ্ধির জন্য ব্যবহার করার সময় এসেছে, শহরগুলোর নিচে সুড়ঙ্গ খননের জন্য নয়।’