সাবেক এমপি আখতারুজ্জামান তিন দিনের রিমান্ডে
Printed Edition
আদালত প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক এমপি আখতারুজ্জামানের (৭৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬ আগস্ট তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো: মাসুদুর রহমান। তবে ওইদিন মামলার মূল নথি আদালতে না থাকায় তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সাথে আসামির সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেফতার, রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং আসামির হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎসসহ মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন সেøাগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পাশাপাশি তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে পুলিশ।