পিয়ংইয়ংয়ের সমরাস্ত্র প্রদর্শন ও কোরীয় উপদ্বীপে নতুন উত্তেজনা

Printed Edition

রয়টার্স

ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সঙ্ঘাত থেকে শিক্ষা নিয়ে নিজেদের সমরাস্ত্র আধুনিকায়নে ব্যাপক জোর দিয়েছে উত্তর কোরিয়া। গত তিন দিন ধরে পিয়ংইয়ং একের পর এক উন্নত প্রযুক্তির অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে তাদের নতুন সামরিক সক্ষমতার জানান দিচ্ছে।

বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া মূলত তাদের প্রতিপক্ষ দেশগুলোকে বিশেষ সতর্কবার্তা দিচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়ার পাশাপাশি দুই দেশের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা সংলাপ আবার চালুর সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে পড়েছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে সাম্প্রতিক এই পরীক্ষাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ক্লাস্টার ওয়ারহেড ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কার্বন ফাইবার বোমার কার্যকারিতা অত্যন্ত সফলভাবে যাচাই করা হয়েছে। এর পাশাপাশি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করেছে দেশটি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ২৪০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়ে সমুদ্রে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব আধুনিক অস্ত্রের মাধ্যমে পিয়ংইয়ং এখন সরাসরি দক্ষিণ কোরিয়ার শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করেছে, বিশেষ করে কার্বন-ফাইবার বোমা ব্যবহার করে যেকোনো বিদ্যুৎকেন্দ্র বা গুরুত্বপূর্ণ স্থাপনা মুহূর্তেই অচল করে দেয়া সম্ভব।