সেমিতে বাংলাদেশের আজ নেপাল বাধা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে শিরোপা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবল দল এখন মালদ্বীপে। গ্রুপ পর্বে দুই ম্যাচে অপরাজিত থাকা লাল-সবুজদের এখন ফাইনালে খেলার টার্গেট। এই লক্ষ্য পূরণে আজ তাদের নেপাল বাধা। নাজমুল হুদা ফয়সাল এবং রোনান সুলিভানরা যদি আজ নেপালকে সেমিতে হারাতে পারে তা হলে ৩ তারিখে ফাইনালে খেলতে পারবে। আজ অপর সেমিতে ভুটানের প্রতিপক্ষ ভারত। মালদ্বীপের রাজধানী মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের খেলা বিকেল পৌনে পাঁচটায় হবে বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল ম্যাচ।

নেপাল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে এসেছে। তারা ২-১ গোলে ভুটানকে, ১-০ শ্রীলঙ্কাকে হারায়। এর পর ১-১ গোলে ড্র করেছিল স্বাগতিক মালদ্বীপের সাথে। সেখানে বাংলাদেশ ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠে। পিটার কক্স বাহিনী প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে ২-০তে হারিয়েছিল পাকিস্তানকে। এর পর রোনান সুলিভানের কর্নার থেকে ফাহিমের গোলে ভারতের সাথে ১-১ ড্র করে।

বাংলাদেশ কোচ পিটার কক্স জানান, ‘প্রতিপক্ষ যেই হোক আমরা আমাদের খেলাই খেলবো। সেমিফাইনাল ম্যাচ। তবে নেই কোনো অতিরিক্ত টাইম। অর্থাৎ ৯০ মিনিটের খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকার। তাই আমরা ৯০ মিনিটেই ম্যাচটি জিততে চাই।’