টিটিসির নিরীক্ষা কার্যক্রম প্রতিবেদন জমা পড়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), আইএমটি ও ডিইএমও এর অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রমের সরেজমিন প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এর আগে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ-সচিবদের নেতৃত্বে টিটিসিগুলো পরির্দশনের জন্য ৪২টি টিম গঠন করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন ও অডিট) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত সম্প্রতি এক অফিস আদেশে বলা হয়েছিল, টিটিসিগুলোর সার্বিক কার্যক্রম পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নিমিত্তে এই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ৪২টি টিম নির্দেশক্রমে গঠন করা হলো। ৪২টি টিমের কর্মকর্তা-কর্মচারীর নাম-পদবির পাশাপাশি পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলোর নাম ও ভ্রমণ সময় ব্যতীত ; দুই কর্মদিবসে পরিদর্শন ও ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করতে হবে বলে উল্লেখ করা হয়। একই অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহকারী পরিচালক রিপোর্টে বর্ণিত বিষয়ের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট প্রাপ্তির এক মাসের মধ্যে (পরবর্তীতে এক মাস পর পর) অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট সিনিয়র সচিবের কাছে পাঠাতে। একই সাথে পরিদর্শনকারী কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন প্রেরণ নিশ্চিত করবেন বলে মন্ত্রণালয়ের ওই আদেশে উল্লেখ করা হয়।