ফটিকছড়িতে সাবেক ছাত্রদল নেতার লাশ উদ্ধার
Printed Edition
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়ির পল্লী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে গতকাল রোববার বেলা ১১টার দিকে রাশেদুল আনোয়ার (২৫) নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় একই কক্ষ থেকে আরমান (২৬) নামে আরো এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাশেদুল আনোয়ার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। তিনি হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমানউল্লাহর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা অফিসে এসে একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা স্থানীয়দের খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে দু’জনকে পড়ে থাকতে দেখে পুলিশ ও চিকিৎসকদের জানানো হয়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রাশেদুলের মৃত্যু হয়েছিল। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবারক হোসেন বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।