আইআইইউসির ষষ্ঠ সমাবর্তনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Printed Edition
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা, অতিথি আপ্যায়ন, গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম, ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মো: কাসেম (অব:), ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, আর্টস ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ ইয়াসিন শরীফ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম বলেন, কনভোকেশন একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও গৌরবময় আয়োজন। এ আয়োজন যেন সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
আগামী ৩১ জানুয়ারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সালেহ হাসান নকীব। বিজ্ঞপ্তি।