বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া

Printed Edition
bangla--6-3
গফরগাঁওয়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, মন্দির এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে সর্বস্তরের জনগণের উদ্যোগে আনসার নগর দারুল কুরআন মাদরাসা মাঠে সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আল-ফাতাহ খান। বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী এতে অংশ নেন।

জাবি প্রতিনিধি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাদ জুমা শহীদ রফিক-জব্বার হলসহ সব আবাসিক হলের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের পশ্চিম দাশড়া এলাকায় জাবাল-ই-নূর দাখিল মাদরাসার ৫ম শাখার উদ্বোধন উপলক্ষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নূরুল হক। অধ্যক্ষ ডা: সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় ও শিক্ষাবিদরা বক্তব্য দেন।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, তিন দিনের জাতীয় শোক উপলক্ষে উপজেলার সব মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক দোয়া মাহফিল আয়োজন করা হয়।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, পটিয়া মডেল মসজিদ প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে দলীয় নেতারা অংশ নেন। দোয়া মাহফিল শেষে মরহুম দেশনেত্রীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।