গণধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা
Printed Edition
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
মাধবদীতে গণধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে (১৫) সৎবাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে কতিপয় যুবকের বিরুদ্ধে। গতকাল দুপুরে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা খেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।
নিহতের স্বজনরা জানায়, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাধে স্ত্রী-মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে গণধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সাবেক মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংসা হয়।
এরপর বুধবার বাবা আশরাফ হোসেন কর্মস্থল শেষে ধর্ষকারীদের ভয়ে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌছলে নূরার নেতৃত্বে আরো পাঁচজন মিলে বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারেরর লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই মেম্ব^ারকে জানালে তিনি আশ্বস্ত করে বাবাকে বাড়ি পাঠিয়ে দেন। এরপর গতকাল সকালে একই এলাকার একটি সরিষা খেত থেকে গলায় ওড়না পেঁচানো লাশ দেখতে পায় স্থানীয়রা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পরে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।