ভোলার চরফ্যাশন উপজেলায় বিরোধপূর্ণ একটি জমির পাট কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন গুরুতর আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শশীভূষন থানার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের ২নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- ফরিদ (৩৫), আকতারা বেগম (৪০), রাশেদা বেগম (৩৮), সামিয়া (১৮), শফিউল্লাহ মেম্বার (৭০), সিয়াম (২০) ও সাখাওয়াত হোসেন (২৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে গুরুতর আহত সামিয়া ও ফরিদকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে পাঠিয়েছেন।

এ ঘটনায় শফিউল্লাহ মিয়া শশীভূষন থানায় একটি মামলা করেছেন।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামে একটি জমির মালিকানা ও ভোগদখল নিয়ে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধপূর্ণ জমিতে রোপণ করা পাট এক পক্ষের লোকজন কাটতে গেলে প্রতিপক্ষের কয়েকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের খবর পেয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের একটি দল

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।