রাজশাহীতে নারী স্বতন্ত্র প্রার্থীকে চড় থাপ্পড় দিলেন বিএনপি নেতা
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড় থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হামলা ঘটে। হাবিবা ফুটবল প্রতীকে নির্বাচনে লড়ছেন এবং মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচিত। তিনি উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, এক ব্যক্তি হাবিবাকে দাঁড়িয়ে কথা বলার সময় সজোরে থাপ্পড় মারেন। হাবিবা সামলে দাঁড়াতেই তাকে পুনরায় আঘাত করা হয়। পরে তার সাথে থাকা লোকজন তাকে রক্ষা করেন এবং হামলাকারী দূরে চলে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীর নাম রজব আলী, যিনি পবার হরিয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
ঘটনার পর দুই বছরের সন্তানকে কোলে নিয়ে হাবিবা ভোটকেন্দ্রের পাশে চেয়ারে বসে ছিলেন। তিনি জানান, প্রচারণায় বাধা দেয়ার পাশাপাশি বিএনপি নেতা রজব আলী তার ওপর হামলা করেছেন। হাবিবা বলেন, তিনি সাধারণ মানুষকে কুশল বিনিময় করতে এবং ভোট চেয়ে প্রচারণা করছিলেন, তখনই এ ঘটনা ঘটে।
হাবিবা বেগমের প্রধান নির্বাচনী এজেন্ট আকবর হোসেন বলেন, একজন নারী প্রার্থীর ওপর এভাবে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে জানিয়েছি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও জানানো হবে। আমরা বিচার চাই। হামলার পর বিকেল ৪টায় হাবিবাকে হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের কারণে কান এবং কথা বলার সমস্যায় ভুগছেন।
কাটাখালী থানার ওসি সুমন কাদেরী বলেন, ভোটকেন্দ্রের সামনে ভোট চাওয়ার সময় বাগি¦তণ্ডা হয়েছে বলে শুনেছি, তবে মারধরের বিষয়টি আমার জানা নেই। এই ঘটনায় বিএনপি নেতা রজব আলীকে পাওয়া যায়নি এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।