ইরানের সাথে সঙ্ঘাতে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে : জারদারি

Printed Edition

ডন

ইরানের সাথে কোনো ধরনের সামরিক সঙ্ঘাত দক্ষিণ ও পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বুধবার ইসলামাবাদে ইরানের দূতাবাসের আয়োজনে ১৯৭৯ সালের বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানকে ঘিরে যেকোনো অস্থিতিশীলতা, বা সামরিক পথে সমস্যার সমাধান চেষ্টা বিপজ্জনক। এমন কর্মকাণ্ড বিশ্বশান্তি হুমকির মুখে ফেলতে পারে এবং বিশ্ব অর্থনীতির জন্যও গুরুতর ক্ষতির কারণ হতে পারে।’ পাকিস্তান একতরফা নিষেধাজ্ঞা ও চাপের বিপক্ষে বলেও উল্লেখ করেন জারদারি। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সংলাপ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সেরা উপায়।’

জারদারি জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। সেজন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানায়। একই সাথে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানায়। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, পাকিস্তান ও ইরান প্রতিবেশী হিসেবে দায়িত্বশীল ও সীমান্ত ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবিরোধী অভিযান এবং সীমান্তকে সহযোগিতা, বৈধ বাণিজ্য ও উন্নয়নের এলাকায় পরিণত করতে একমত। অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেন, ইরান যুদ্ধ চায় না। সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে বিশ্বাস করে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় পুরাপুরি প্রস্তুত’।