কিউবার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা
ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
Printed Edition
আলজাজিরা
কংগ্রেসের অনুমোদন ছাড়া কিউবার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ব্যবস্থা নেয়ার পথ বন্ধ করতে আনা একটি প্রস্তাব মার্কিন সিনেটে আটকে গেছে। মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ৫১-৪৭ ভোটে প্রস্তাবটি বাতিল হয়। দলীয় মেরুকরণের এই ভোটে ট্রাম্পের দলের সদস্যরা যুক্তি দেন যে, কিউবার সাথে আমেরিকার কোনো সক্রিয় যুদ্ধ নেই, তাই প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করার কোনো প্রয়োজন নেই। এই প্রস্তাবটি আটকে দেয়ার জন্য পয়েন্ট অব অর্ডার উত্থাপন করেন ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট। তিনি বলেন, ট্রাম্প যেহেতু হাভানার বিরুদ্ধে সেনা মোতায়েন করেননি, তাই এই যুদ্ধ ক্ষমতা বিষয়ক ভোটাভুটি অযৌক্তিক।
পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে স্কট বলেন, কিউবায় যদি আমরা প্রকৃত সংস্কার চাই, তবে ক্যাস্ট্রো বা দিয়াজ-কানেল সরকারকে অবশ্যই পতন হতে হবে। তিনি আরো যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে কিউবার স্বাধীনতা ও সমৃদ্ধির নতুন আশার সঞ্চার হয়েছে।