লোহাগড়ায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

Printed Edition

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। গত বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)। লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দিঘলিয়া এলাকায় তোফায়েল মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। তার স্বীকারোক্তিতে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাকে সাথে নিয়ে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালিয়ে অপর তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, প্রায় ৮০০ রাউন্ড গুলি, মাদক, চাপাতি, দা ও রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওসি আব্দুর রহমান জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।