চাহিদার শীর্ষে আতর টুপি

আবুল কালাম
Printed Edition
back-1
রাজধানীর নিউমার্কেটে ঈদের কেনাকাটা করার জন্য মানুষের উপচেপড়া ভিড় : নয়া দিগন্ত

ঈদ ঘিরে ধর্মীয় সামগ্রী কিনতে বায়তুল মোকাররম মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। তবে এসব সামগ্রীর মধ্যে আতর এবং টুপির চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। আর এগুলো যেহেতু দেশের বাইরে থেকে আনতে হয় তাই ডলারের দাম বৃদ্ধির কারণে এগুলোতে দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও জানিয়েছেন তারা।

বায়তুল মোকাররম মার্কেটে গিয়ে দেখা যায় পুরো মার্কেটে বইছে ঈদের আবহ। বিক্রেতারা জানান, সারা বছর এ মার্কেটে জায়নামাজ, আতর, টুপি হিজাব, বোরকা, তসবিহ এসব বিক্রি হলেও ঈদে তার চাহিদা অনেক বেড়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতার আনাগোনায় সরব থাকে দেশের বৃহত্তম এ মার্কেট। আতর-টুপির দোকানগুলো ঘুরে দেখা যায়, ছোট ছোট দোকানে একটার পর একটা সাজানো বাহারি সব টুপি। তাতে ক্রেতাদের বেশ আনাগোনা। দরদাম করে যার যার সাধ্য অনুযায়ী সামগ্রী কিনছেন ক্রেতারা।

বিক্রেতারা জানান, বায়তুল মোকাররম মার্কেটে এসব পণ্যের অন্তত ২০০ দোকান রয়েছে। প্রতি বছর শাবান মাস থেকেই তাদের বিক্রি বেড়ে যায়। একটানা চলে কোরবানির ঈদ পর্যন্ত। এবার কিছুটা ব্যতিক্রম দেখা গেছে। ১৫ রোজা অতিবাহিত হওয়ার পর দোকানে ক্রেতা বাড়ছে।

ডলারের মূল্যবৃদ্ধিতে অনেক পণ্যের দাম এবার বেড়েছে জানিয়ে আরেক বিক্রেতা জানান, প্রতি বছর ডলারের দামের ওপরই পণ্যের দাম কমানো কিংবা বাড়ানো নির্ভর করে। এবারো তাই হয়েছে। ডলারের দাম বৃদ্ধিতে কিছু পণ্যের আমদানি খরচ অনেক বেড়েছে।

আতরের ধরন ও দামের বিষয়ে এক ব্যবসায়ী জানান, বাজারের বেশির ভাগ আতর আসে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে। এর মধ্যে রয়েছে আম্বার, হুগোবস, গুচি, রোমান্স, সিলভার, মেশক, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাঈম, শাইখা, হাজরে আসওয়াদ, সুলতান, উদ, কিংসহ বিভিন্ন ব্র্যান্ডের আতর। এই আতর বিক্রি হয় তোলা হিসেবে। চাইলে সিকি তোলাও কিনতে পাবেন। বর্তমানে ২০০ টাকা থেকে শুরু করে প্রায় লাখ টাকার আতর রয়েছে। এর মধ্যে বাংলাদেশে তৈরি ‘উদ’ আতরের ১০০ মিলিলিটার দাম ৯০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া রয়েছে উল, জরি আর সুতি কাপড়ের তৈরি বিচিত্র নকশার টুপি। এরমধ্যে আফগানি, চীনা, ভারতীয় ও দুবাইয়ের টুপির বিক্রিও বেশ ভালো। কয়েক বছর ধরে মালয়েশিয়া, তুরস্কের টুপির প্রতি চাহিদা বাড়ছে।

কেউ কেউ পাঞ্জাবির সাথে মিলিয়েও টুপি কেনেন। দেশে তৈরি গোল টুপি পাওয়া যাবে ৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। সুতায় বোনা টুপি পাওয়া যাবে ৪০ থেকে ২৫০ টাকায়। বিদেশী টুপি কেনা যাবে ৪৫০ থেকে আড়াই হাজার টাকার মধ্যে।

এ ছাড়া রয়েছে জায়নামাজ। এগুলো তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, বেলজিয়াম থেকে আসে। বৈচিত্র্যময় নকশা ও কারুকাজ করা জায়নামাজগুলোর দাম পড়বে ৫৫০ থেকে পাঁচ হাজার টাকা। আর দেশে তৈরি জায়নামাজ ৩০০ থেকে আড়াই হাজার টাকার মধ্যে পাওয়া যায়।

বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ছাড়াও গুলিস্তান, কাঁটাবন মসজিদ মার্কেট, কাকরাইল মসজিদ মার্কেটসহ ফুটপাথের বিভিন্ন দোকানে আতর পাওয়া যায়। একইসাথে টুপি ও জায়নামাজও বিক্রি করছে এসব এলাকার ব্যবসায়ীরা।

রয়েছে কাঠ, প্লাস্টিক, মুক্তা, পাথর, হাতির দাঁত, হরিণের শিং, ক্রিস্টালসহ বিভিন্ন উপাদানে তৈরি তসবিহ। এর মধ্যে ২৫ গুটি, ৫০ গুটি থেকে শুরু করে ১০০, ২০০, ২৫০ ও সর্বোচ্চ ৫০০ গুটির তসবিহ পাওয়া যায়। তবে ডিজিটাল তসবিরও চাহিদা বেশি।