রাজধানীকে সড়কে ঝড়ল বৃদ্ধ ও কিশোরের প্রাণ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কোতোয়ালি ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- কোতোয়ালিতে মুসলিম মিয়া (৭৫) ও কামরাঙ্গীরচরে মোহাম্মদ জুবায়ের (১৩)। গতকাল সংশ্লিষ্ট থানা পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণার পর ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান : কোতোয়ালির রায়সাহেব বাজার এলাকায় গতকাল দুপুরে রিকশায় মার্কেটে যাওয়ার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মুসলিম মিয়া গুরুত্ব আহত হন। তাকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসলিম মিয়া মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মুসলিম মিয়ার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
নিহত মুসলিম মিয়ার আত্মীয় মোহাম্মদ আল-আমিন জানান, গতকাল দুপুরে দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের পর সন্ধ্যায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
কিশোর জুবায়ের নিহত : রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন বেড়িবাঁধ তারা মসজিদ এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় মোহাম্মদ জুবায়ের (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে ওই কিশোরকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরের বাবা মোহাম্মদ জুম্মন হোসেন জানান, আমার ছেলে আগে পড়াশোনা করত এখন পড়াশোনা করে না। গত মঙ্গলবার রাত ১২টায় বেড়িবাঁধের তারা মসজিদ এলাকায় রাস্তা পারাপার সময় ব্যাটারি চালিত একটি অটো ভ্যান বেপরোয়াগতিতে এসে জুবায়েরকে ধাক্কা দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচর মুসলিমবাগ ৪ নম্বর গলি এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার এক ছেলে এক মেয়ে।