সরকার গণভোটের রায় বাতিলের চেষ্টা করলে আবারো মাঠে নামবে ছাত্র-জনতা : আব্দুল হালিম
Printed Edition
রংপুর ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, গণরায় কার্যকর না করে তা বাতিলের উদ্দেশ্যে সরকার কূটকৌশল অবলম্বন করছে। সরকার গণভোট বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা করলে আবারো মাঠে নামবে ছাত্র।
শুক্রবার রংপুর মডেল কলেজ মিলনায়তনে মহানগর জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমির এ টি এম আজম খানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, প্রচার সম্পাদক ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী এবং মাওলানা শাহজাহান সিরাজ প্রমুখ।
সম্মেলনে আব্দুল হালিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে আমরা বলেছিলাম নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। তারা বলেছিল একসাথে হলেও সমস্যা নেই। কিন্তু এখন ক্ষমতায় এসে তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে গণভোট বাস্তবায়ন না করে উল্টো তা বাতিলের কৌশল নিচ্ছে।
তিনি বলেন, চার কোটি মানুষের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হলে দেশের ছাত্র-জনতা আবার রাজপথে নামবে।
মাওলানা আব্দুল হালিম অভিযোগ করে বলেন, সাম্প্রতিক ভোটে অনিয়ম ও ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় জামায়াত সন্ধ্যায় এগিয়ে থাকার পর কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল বদলে গেছে। এতে মানুষের প্রত্যাশা ভেঙে গেছে এবং প্রশাসনের ওপর সন্দেহ সৃষ্টি হয়েছে।