মিঠাপুকুরে টিসিবি কার্ড বিতরণে চাঁদা আদায়

Printed Edition

শাহীনণ্ডল মিঠাপুকুর (রংপুর)

রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ড বিতরণের নামে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষাধিক টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সচিব ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রজ্জব আলীর বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিন জানা যায়, উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়নে সরকারি নির্দেশনা অনুযায়ী বিনামূল্যে বিতরণের জন্য টিসিবির ন্যায্যমূল্যের পণ্য ক্রয়ের কার্ড দেয়া হচ্ছিল। তবে ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রজ্জব আলী প্রতিটি কার্ডের বিপরীতে ভুক্তভোগীদের কাছ থেকে ১৭৫ টাকা করে রসিদমূল্যে আদায় করেন। এতে রসিদের মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী। গিলাঝুকি গ্রামের সোহরাব হোসেনের ছেলে বুলু মিয়া ও আরিফুর রহমান জানান, ইউনিয়ন পরিষদে জমা দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ১৭৫ টাকা নেয়া হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে কার্ড দেয়া হবে না বলে জানানো হয়। বাধ্য হয়েই তারা টাকা দিয়েছেন বলে অভিযোগ করেন। ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ প্রশাসক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, প্রথমে রশিদের মাধ্যমে টাকা নেয়ার কথা বলা হলেও পরে তিনি তা বন্ধ করতে নির্দেশ দেন। অপরদিকে অফিস সহকারী রজ্জব আলী দাবি করেন, তিনি প্রশাসকের নির্দেশেই টাকা নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ বলেন, টিসিবি কার্ড বিতরণে কোনো ধরনের টাকা নেয়ার বিধান নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানও অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।