রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের গড়া চ্যালেঞ্জিং স্কোরকে তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে টানা দুই বলে ফিন অ্যালান ও রাচিন রবিন্দ্রর উইকেট হারায় নিউজিল্যান্ড। এর পরও আক্রমণাত্মক ব্যাটিং থামায়নি কিউইরা। রেকর্ড রান তাড়ায় ওপেনার টিম সেইফার্টের দারুণ ফিফটি আর ব্যাটারদের দারুণ পেশাদারিত্বে সহজেই আফগানদের হারাল নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮২ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। লক্ষ্য তাড়ায় ১৭.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৩ করে ফেলে নিউজিল্যান্ড। পাঁচ উইকেটের জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করল কিউইরা। টি-২০ বিশ্বকাপে এর আগে ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিজেদের রেকর্ড গড়েই গতকাল জিতল স্যান্টনারের দল।
চেন্নাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে নতুন করে বানানো ব্যাটিং সহায়ক ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে সেভাবে কাজে লাগাতে পারেনি আফগানিস্তান। রহমানউল্লা গুরবাজ ভালো শুরু করলেও ইব্রাহিম জাদরান স্বস্তিতে শুরু করতে না পারায় প্রথম পাঁচ ওভারে রান ওঠে ৩৫। পরের ওভারে আক্রমণে এসে দু’জনকেই ফেরান লকি ফার্গুসন। ইব্রাহিম ১০ গুরবাজ আউট হন ২৭ রানে। তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন গুলবাদিন নাইব ও সেদিকউল্লাহ আতাল। এরপর বিদায় নেন ২৪ বলে ২৯ রান করে আতাল। নাইব ফেরেন ৩৫ বলে ৬৩ রান করে। দারউইশ রাসুলির ব্যাট থেকে আসে ২০ রান। শেষের দিকে উমরজাই সাত বলে ১৪ ও মোহাম্মদ নবি সাত বলে ১০ রানে অপরাজিত থাকলে বড় সংগ্রহ পায় আফগানিস্তান। দু’টি উইকেট নেন লকি ফার্গুসন।
বড় লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও দ্বিতীয় ওভারে পরপর দুই বলে অ্যালান ও রাচিনকে হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতেই আর কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে ৫২ রান। কিউইদের হয়ে কমপক্ষে ২০ রান করেছেন চারজন। এর মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট ১৫৪.৭৬ ছিল টিম সেইফার্টের। তবে বড় ইনিংস খেলার কাজটাও করেছেন তিনি। ৬৫ রান করে আউট হলেও দলের জয়ে অবদান রেখে হয়েছেন ম্যাচসেরা। ২৫ বলে ৪২ করেন ফিলিপস। চ্যাপম্যান করেন ২৮ আর ২৫ রান ড্যারিল মিচেলের।