ফুলবাড়ী সীমান্তে আবারো বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টায় উত্তেজনা

পতাকা বৈঠক

Printed Edition

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পাকা সড়ক নির্মাণের চেষ্টা ঘিরে আবারো উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে গতকাল সোমবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে বিএসএফের সড়ক নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে বিজিবি একাধিকবার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক করে। গত শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির কঠোর অবস্থানের কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে গত রোববার সকালে বিএসএফ পুনরায় সড়ক সংস্কার শুরু করলে সীমান্ত এলাকায় আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গ করে সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক গাড়িতে মাটি এনে সড়ক ভরাটের কাজ চালায়।

সোমবার বিকেলে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর সাব পিলার ১ এস-এর পাশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়, যার নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার পিকে রাও। বাংলাদেশের পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে চার সদস্যের একটি দল উপস্থিত ছিল।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘বিএসএফ সদস্যরা দাবি করেছে তারা নতুন কোনো সড়ক নির্মাণ করছে না, বরং পুরনো সড়কের সংস্কার করছে। বর্তমানে সংস্কারকাজ বন্ধ রয়েছে। পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিএসএফ লিখিতভাবে আমাদের জানালে বিজিবির সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। যদি দেখা যায় এটি কেবল সংস্কারকাজ, তবে তা চালানো যাবে। তবে নতুন রাস্তা নির্মাণের কোনো অনুমতি দেয়া হবে না।’ তিনি আরো জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।