সম্পর্ক জোরদারে ভারত সফরে কানাডার প্রধানমন্ত্রী
Printed Edition
এএফপি
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে ভারত সফর করবেন বলে জানা গেছে। সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং সাম্প্রতিক সময়ে ভেঙে যাওয়া সম্পর্ক স্বাভাবিক করা। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটি তার প্রথম সফর হতে যাচ্ছে। ভারতের পর তিনি অস্ট্রেলিয়া ও জাপান সফরেও যাবেন। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্য ও কূটনৈতিক অংশীদারিত্ব জোরদার করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সফরকে কানাডার পররাষ্ট্রনীতিতে নতুন দিক উন্মোচন হিসেবে দেখা হচ্ছে।
ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ভারতে আসছেন মার্ক কার্নি। আগামী ২৬ ফেব্রুয়ারি তিনি পা রাখবেন দিল্লিতে। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উদ্দেশ্যেই তার এই সফর। কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছাড়ার পরও আগের সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার আশা করা উচিত হবে না।