রাজশাহীতে চাঁদা না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো শুক্রবার সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো: মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে। এরপর নেশা করার জন্য চাঁদা দাবি করে সে। চাঁদার টাকা না পেয়ে মাইনুল ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। এতে জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গণধোলাই থেকে অভিযুক্তকে উদ্ধার করে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনতা অভিযুক্তকে খুঁটির সাথে বেঁধে রেখেছিল। আমরা তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।