মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition
artho-2
মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

গতকাল সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিঅ্যান্ডএস)-এ কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সিএমপিসিঅ্যান্ডএসে পৌঁছালে তাকে কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং কমান্ড্যান্ট, সিএমপিসিঅ্যান্ডএস অভ্যর্থনা জানান। সম্মেলনে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সাথে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী এই কোরের বীর সেনানিসহ সব বীর মুক্তিযোদ্ধাকে। পাশাপাশি সেনাবাহিনীর শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন। এ ছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কোরের সদস্যদের ভূমিকার প্রশংসা এবং প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। আইএসপিআর।