চার দলের মধ্যে আলাদা ফ্রান্স
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে চার পরাশক্তি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। চারটি দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন, পাশাপাশি ফিফা র্যাংকিংয়ে তাদের অবস্থানও শীর্ষ চারে। তবে শেষ চারের এই লড়াইয়ে একটি দিক থেকে অন্য সবার চেয়ে আলাদা ফ্রান্স। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচই জিতেছে দিদিয়ের দেশমের দল। শুধু তাই নয়, তাদের সব জয় এসেছে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই।
টুর্নামেন্টে ফেবারিট হিসেবে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে স্পেনও। তবে গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে লা রোজারা। ওই ম্যাচ ছাড়া তাদের সব জয় এসেছে নির্ধারিত সময়েই। আর গ্রুপ পর্বে ঘানার সাথে ড্র করেছিল ইংল্যান্ড। পরে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারাতে তাদের খেলতে হয়েছে অতিরিক্ত সময়। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ও নকআউট পর্বের প্রথম দিকের সব ম্যাচ ৯০ মিনিটেই জিতলেও কোয়ার্টার ফাইনালে হারাতে অতিরিক্ত ৩০ মিনিট খেলে হারাতে হয়েছে সুইজারল্যান্ডকে।