সংরক্ষিত নারী আসন

বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা

Printed Edition
first-2
নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন সেলিমা রহমান : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির ৩৬জন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য দিকে স্বতন্ত্র কোটায় একজন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে ইসি সূত্রে জানা গেছে। আজ বুধ ও কাল বহস্পতিবার মনোনয়নপত্র বাছাই এবং ২৯ এপ্রিল প্রত্যাহারের সময় শেষ হবে। বিকেলে রিটার্নিং কর্মকর্তার দফতর জানায়, সবাই মনোয়নপত্র জমা দিয়েছেন।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গতকাল ইসি সচিব আখতার আহমেদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার মো: মঈন উদ্দিন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। তিনি বলেন, আজকে (মঙ্গলবার) জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। পূর্বঘোষিত সময় অনুযায়ী বিকেল ৪টায় সময় শেষ হওয়া পর্যন্ত আমরা বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র পেয়েছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫৩ জন প্রার্থী।

তিনি আরো বলেন, এর বাইরে আমরা তিনজনের মনোনয়নপত্র পেয়েছি, তারা হলেন- শাম্মা আক্তার, মোসাম্মৎ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান। এই তিনজন আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি, তারা নিজেদের মতো করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র জোট থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিয়েছেন ছাত্রদলের সাবেক নেত্রী সুলতানা জেসমিন জুঁই।

বিএনপির প্রার্থীরা হলেন- স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা: ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা: সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মাৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা: সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা: সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

মনোনয়নপত্র জমা দিয়ে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেয়া হয়েছে। এখানে প্রবীণ ও নবীনের সমন্বয় করা হয়েছে। আমরা আশা করি এ সমন্বয় পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে এবং আমরাও কাজ করব।