দিনাজপুর-৬ আসনে জামায়াত প্রার্থীর মতবিনিময়
Printed Edition
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যদি কোনো কারণে এ দেশের জনগণের মতামতের প্রতিফলন না ঘটে, তাহলে জাতি হিসেবে আমরা চরম বিপর্যয়ের মধ্যে পড়ব। হাকিমপুর প্রেস ক্লাবে হিলিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে তাকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের মতামত ব্যাহত হয় এমন কোনো পরিবেশ কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দলের দ্বারা যদি সৃষ্টি হয় সে বিষয়টি জাতির সামনে উপস্থাপনে সদা তৎপর থাকা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এটি আপনাদের নিকট আমাদের প্রত্যাশা।’ তিনি বলেন, ‘আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে হিলি স্থলবন্দরের উন্নয়ন, আমদানি-রফতানি বাণিজ্য বৃদ্ধি, রাস্তাঘাটসহ অবকাঠামাগত উন্নয়ন, হিলি স্টেশনে ট্রেন থামানো, মাদক নির্মুল করা এবং শিক্ষা স্বাস্থ্যসহ সব খাতে সবাইকে সাথে নিয়ে কাজ করব।’
হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, পৌর আমির সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।