লোহাগড়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় মামলা, ধর্ষক পলাতক

Printed Edition

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনার পর ধর্ষক পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার দুপুরের দিকে পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় আকতার খানের ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।

ধর্ষক আকতার খানের বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যবসা করেন। স্থানীয় লোকজন ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা প্রতিবন্ধী মেয়েটিকে শনিবার পার্শ্ববর্তী আলামুন্সির মোড় এলাকায় আকতার খান ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। রোববার ধর্ষণের ঘটনা ফাঁস হয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এনে শিশুটিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

এদিকে গত সোমবার সকালে শিশুটির বাবা বাদি হয়ে ধর্ষক আকতার খানকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি দিনমজুর, ‘গুচ্ছগ্রামে বসবাস করি। আমার মেয়েকে যে নরপশু ধর্ষণ করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই’। এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।