এআই খাতে ভারত বড় শক্তি নয় : রাহুল গান্ধী
Printed Edition
ইন্ডিয়া টুডে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জগতে ভারত বড় কোনো শক্তি নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, ভারত কিছুই উৎপাদন করতে পারছে না এবং সাম্প্রতিক ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার কেরালার মারিয়ান কলেজ কুট্টিক্কানামে শিক্ষার্থীদের সাথে এক আলোচনায় তিনি বলেন, ভারতের উচ্চশিক্ষাব্যবস্থা আদর্শিক আক্রমণের মুখে পড়েছে এবং একটি নির্দিষ্ট চিন্তাধারা চাপিয়ে দেয়া হচ্ছে। তার অভিযোগ, অনেক ভিসিকে নিয়োগ দেয়া হয়েছে আরএসএসের সাথে যুক্ত থাকার কারণে, যা দেশের শিক্ষাব্যবস্থাকে বিভাজনমূলক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ করছে। রাহুল গান্ধী দাবি করেন, এআই প্রযুক্তির উত্থানের সময় ভারত সফল হতে পারেনি। তিনি বলেন, এআইয়ের খেলায় মূলত দু’টি বড় শক্তি রয়েছে- যুক্তরাষ্ট্র ও চীন। দুর্ভাগ্যজনকভাবে রোবোটিক্স, এআই বা আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত বড় কোনো খেলোয়াড় নয়। তিনি আরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক চুক্তির মাধ্যমে ভারতের ডেটা বিদেশে চলে যাচ্ছে, যা দেশের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফল; কারণ তাদের কাছে বৈশ্বিক ডেটা আছে, আর চীন নিজেদের ডেটার মালিক। কিন্তু ভারতের যোগাযোগব্যবস্থা ও ফোনের তথ্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তার মতে, যদি ভারত নিজের ডেটা দিয়ে দেয়, কিছুই উৎপাদন না করে এবং অভ্যন্তরীণ বিভাজনে জড়িয়ে থাকে, তবে দেশ সমস্যায় পড়বে। আলোচনায় তিনি আম্বানি ও আদানি গোষ্ঠীকেও কটাক্ষ করে বলেন, তারা মূলত চীনা পণ্য ভারতে বিক্রি করছে; কিন্তু উৎপাদন করছে না। তার ভাষায়, এ কারণেই ভারত এআই খাতে বড় কোনো শক্তি নয়। রাহুল গান্ধী আরো বলেন, ডেটা, উৎপাদন ও পরিবহন খাতে বড় পরিবর্তন ঘটছে; কিন্তু ভারত শুধু তা দেখেই যাচ্ছে। তার রাজনৈতিক লড়াই আসলে এই বিষয়েই দেশকে উৎপাদনশীল ও ডেটার মালিকানা নিশ্চিত করার পথে এগিয়ে নেয়া।