ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ আসনের এমপির মতবিনিময়
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৪ ও ঢাকা-৫ সংসদীয় এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধান এবং জনভোগান্তি নিরসনের লক্ষ্যে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় দুই সংসদ সদস্য। গতকাল রোববার সকালে ডিএসসিসি কার্যালয়ে এই যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন নিজ নিজ এলাকার বিদ্যমান সঙ্কটগুলো তুলে ধরেন। দুই এমপি বিশেষ করে গ্যাস সঙ্কট, অনুন্নত স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান। এ ছাড়া সড়কের বেহাল দশা, বর্জ্য অব্যবস্থাপনা, সুপেয় পানির অভাব এবং মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সিটি করপোরেশনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় যাত্রাবাড়ীতে স্থাপিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। এমপি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা প্রয়োজন। শহীদদের মর্যাদা রক্ষায় স্তম্ভের চারপাশে ময়লা-আবর্জনা ফেলা অবিলম্বে বন্ধ করতে হবে।’ তিনি শহীদদের সম্মানার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান।
ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম এমপিদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সবগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহাজাহান খান, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, কদমতলী থানা আমির মহিউদ্দিনসহ ঢাকা মহানগরী ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতারা। সভায় দুই সংসদীয় এলাকার উন্নয়নে সিটি করপোরেশনের সাথে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।