১২তম সৌদি চলচ্চিত্র উৎসব জুন পর্যন্ত স্থগিত
Printed Edition
সাকিবুল হাসান
১২তম সৌদি চলচ্চিত্র উৎসবের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। মূলত ২৩ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, উৎসবটি পিছিয়ে আগামী ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
সৌদি আরবের সিনেমা অ্যাসোসিয়েশন, কিং আব্দুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার (ইথরা) এবং সৌদি ফিল্ম কমিশনের যৌথ উদ্যোগে এই উৎসবটি ধাহরানে অবস্থিত ইথরা সদর দফতরে অনুষ্ঠিত হবে।
উৎসবের সবশেষ আপডেট এবং তথ্যের জন্য সংস্থাটি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছে। এবারের উৎসবের মূল থিম বা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভ্রমণের সিনেমা’। এই বিশেষ থিমের অধীনে আরব ও আন্তর্জাতিক চলচ্চিত্রের একটি সুনিপুণ সংগ্রহ দর্শকদের সামনে তুলে ধরা হবে। এতে স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য উভয় ধরনের চলচ্চিত্রে গল্প বলার প্রধান অনুষঙ্গ হিসেবে মানুষের জীবনযাত্রা, ভ্রমণ ও গতিশীলতাকে প্রাধান্য দেয়া হয়েছে। উল্লেখ্য যে, প্রতি বছরের মতো এবারো বিদেশী সিনেমা প্রদর্শনের অংশ হিসেবে ‘কোরীয় চলচ্চিত্রের ওপর আলোকপাত’ শীর্ষক একটি বিশেষ বিভাগ রাখা হয়েছে।
উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল-মুল্লা এক বিবৃতিতে বলেন, ‘এ বছরের আসরটি চলচ্চিত্রপ্রেমীদের জন্য অনুপ্রেরণা ও চিন্তা বিনিময়ের একটি উর্বর ক্ষেত্র হয়ে উঠবে। এটি মূলত সবার জন্য উন্মুক্ত একটি সৃজনশীল উৎসব।’ ইথরার ডেপুটি ডিরেক্টর তারিক আল-খাওয়াজি সিনেমা অ্যাসোসিয়েশনের সাথে তাদের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের কথা উল্লেখ করে বলেন, ‘এই সহযোগিতার ফলেই আমরা বছর বছর উৎসবের বৈচিত্র্য বৃদ্ধি করতে এবং বিশ্ব চলচ্চিত্রের সাথে স্থানীয় নির্মাতাদের সেতুবন্ধন তৈরি করতে পারছি।’
২০০৮ সালে যাত্রা শুরু করা এই উৎসবটি সৌদি আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র আসর হিসেবে স্বীকৃত। সৌদি আরবের দীর্ঘতম এই উৎসবটি বর্তমানে নিয়মিত বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে।
সপ্তাহব্যাপী এই আয়োজনে চলচ্চিত্র প্রতিযোগিতা, পেশাদার প্রশিক্ষণ কর্মসূচি, প্রোডাকশন মার্কেট এবং প্রকল্প প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র প্রদর্শিত হবে। বরাবরের মতো এবারো রেড কার্পেটে তারকাদের উপস্থিতি এবং নতুন প্রতিভার সন্ধানে বৈশ্বিক চলচ্চিত্র প্রযোজকদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।