সিরিয়ায় কারাগার থেকে ১৫০০ কয়েদির পলায়ন, গ্রেফতার ৮১

Printed Edition

আলজাজিরা ও আনাদোলু

সিরিয়ার সাব্বাদি শহরের সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় এক হাজার ৫০০ কয়েদি। তাদের মধ্যে ৮১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুর্দিদের নিয়ন্ত্রণাধীন এ শহরে আইএস সদস্যরা বন্দী ছিলেন বলে জানিয়েছে কুর্দি ওয়েবসাইট রুদো।

এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সেনাবাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিশেষ অভিযান ইউনিটগুলো আল-শাদ্দাদি শহরে প্রবেশ করে ব্যাপক অনুসন্ধান অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালীন ৮১ আইএসআইএস সদস্যকে গ্রেফতার করা হয়। বাকিদের সন্ধান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ২০০ জন পলাতকের মধ্যে ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, কেন এ সংখ্যা পরিবর্তন হয়েছে তা স্পষ্ট নয়। এ পলায়নের জন্য এসডিএফ সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছিল সিরীয় সরকার।

গত রোববার সন্ধ্যায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুদ্ধবিরতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এসডিএফের সম্পূর্ণ একীভূতকরণের জন্য একটি চুক্তি ঘোষণা করেন। চুক্তির অধীনে, এসডিএফ ফোরাত নদীর পূর্ব দিকে তাদের সামরিক বাহিনী প্রত্যাহার করবে এবং রাক্কা ও দেইর আজ-জোর প্রদেশের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ সিরিয়ার রাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। এ চুক্তিতে এসডিএফ সামরিক ও নিরাপত্তা কর্মীদের সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একীভূত করার পাশাপাশি সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাস ক্ষেত্র এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ন্ত্রণে হস্তান্তরের বিধানও রয়েছে।