রুটের প্রত্যাবর্তন নতুন প্রেরণা : ভন

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে জো রুটের প্রত্যাবর্তন তার ক্যারিয়ারে নতুন অনুপ্রেরণা যোগাতে পারে বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। টেস্ট ম্যাচ স্পেশাল পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে ভন বলেন, নেতৃত্বে ফেরা রুটের জন্য নতুন উদ্দীপনার কারণ হতে পারে।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ছিলেন রুট। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেটের পরাজয়ের পর দায়িত্ব ছেড়ে দেন তিনি। ওই সিরিজ ছিল ইংল্যান্ডের টানা নবম টেস্ট, যেখানে তারা জয় পায়নি। দায়িত্ব ছাড়ার সময় অধিনায়কত্বের মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনে এর প্রভাবের কথাও জানিয়েছিলেন রুট।

ভনের মতে, আগের মেয়াদে রুট খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, তখন ইংল্যান্ড ক্রিকেটের মূল মনোযোগ ছিল সীমিত ওভারের ক্রিকেটে এবং ৫০ ওভারের বিশ্বকাপ জয়ে। এরপর কোভিড-১৯ মহামারির সময় দল পরিচালনার অতিরিক্ত চাপও সামলাতে হয়েছে রুটকে। সব মিলিয়ে তার হাতে খুব কঠিন পরিস্থিতি এসে পড়েছিল।

বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মার্কাস ট্রেসকোথিকের অধীনে আবারো অধিনায়কত্বে ফিরেছেন রুট। তবে চলতি বছরের দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং টেস্ট দলের দায়িত্ব নেবেন। ভনের বিশ্বাস, অভিজ্ঞ কোচ হিসেবে ফ্লেমিং দলের কৌশলগত পরিকল্পনা ও ড্রেসিংরুমের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এতে অধিনায়ক হিসেবে রুটের ওপর চাপও কমবে।