রাজশাহীতে বাড়তি দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার

Printed Edition
bangla-1
রাজশাহীতে বাড়তি দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে হঠাৎ করে তীব্র সঙ্কট দেখা দিয়েছে এলপিজি গ্যাসের সিলিন্ডারের। অভিযোগ উঠেছে, বাড়তি দাম দিয়েও বাজারে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ ভোক্তাদের পাশাপাশি হোটেল, চা দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

খুচরা বিক্রেতারা জানান, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ না পাওয়ায় এই সঙ্কট তৈরি হয়েছে। সীমিত পরিমাণে গ্যাস পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এতে প্রতিদিনই অসন্তোষ বাড়ছে বাজারে। ভোক্তাদের সাথে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগেও যে এলপিজি সিলিন্ডার এক হাজার ২৫০ টাকায় কেনা যেত, বর্তমানে সেটির দাম বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০০ টাকায়। অর্থাৎ প্রতি সিলিন্ডারে অতিরিক্ত প্রায় সাড়ে ৩৫০ টাকা গুনতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ওমেরা ও ফ্রেশ ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার ছাড়া অন্য কোম্পানির গ্যাস তেমন পাওয়া যাচ্ছে না। বিকল্প না থাকায় অনেক ভোক্তা বাধ্য হয়ে বেশি দামে গ্যাস কিনছেন। হোটেল ও চা দোকানের মালিকরা জানান, গ্যাসের দাম হঠাৎ বাড়ায় তাদের দৈনন্দিন ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে লোকসান গুনেও ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এ বিষয়ে ডিলারদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ভোক্তারা দ্রুত এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা এবং বাজারে দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।