মধ্যপ্রাচ্যে বাংলাদেশী নারী শ্রমিকদের সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Printed Edition
মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশী নারী অভিবাসী শ্রমিকদের সমস্যা, চ্যালেঞ্জ, নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই সমাধান নিয়ে রাজধানীর বনশ্রীস্থ নারী উন্নয়ন শক্তি (এনইউএস) প্রশিক্ষণ কেন্দ্রে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার আয়োজন করে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) এবং নারী উন্নয়ন শক্তি (এনইউএস)। সহযোগিতায় ছিল ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এবং গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের নির্বাহী চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
মূল প্রবন্ধে ড. আফরোজা পারভীন মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশী নারী অভিবাসী শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতা, কর্মক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি, বিভিন্ন ধরনের নির্যাতন, আইনি সুরক্ষার সীমাবদ্ধতা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতিগত সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথি মো: রিয়াজ উদ্দিন খান বলেন, আমরা নারী শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে একটি পৃথক ও নারী-বান্ধব বাজেট বরাদ্দের দাবি জানাই। পাশাপাশি, গন্তব্য সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। সেই সাথে বাংলাদেশী যেসব কর্মী বিদেশে অবস্থান করে আবার দেশে ফিরে আসে তাদের অর্থনৈতিক এবং সামাজিক পুনর্বাসনের ওপর তিনি গুরুত্ব দেন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।