কৃষিসেবার মান বাড়াতে বিএডিসি চেয়ারম্যানের মাঠপর্যায় পরিদর্শন

Printed Edition

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রমের স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ের কর্মসূচি পরিদর্শন করছেন সংস্থার চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম। এরই অংশ হিসেবে গত ৩০ ও ৩১ মার্চ তিনি কাশিমপুর ও মধুপুরের বিভিন্ন উৎপাদন কেন্দ্র ও খামার পরিদর্শন করেন।

৩০ মার্চ কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র পরিদর্শনকালে চেয়ারম্যান হাইব্রিড টমেটো, মিষ্টি কুমড়া ও গজ করলার বীজ উৎপাদন মাঠ এবং জার্মপ্লাজম সেন্টারের গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, উদ্যান জাতীয় ফসলের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং উদ্ভাবিত নতুন জাতগুলো দ্রুত কৃষকদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করতে হবে।

পর দিন ৩১ মার্চ তিনি টাঙ্গাইলের মধুপুর বীজ উৎপাদন খামারের বিভিন্ন ফসলি জমি পরিদর্শন করেন এবং গম বীজের ‘গ্রো-আউট টেস্ট’ মূল্যায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। তিনি উল্লেখ করেন, বিএডিসির বীজের প্রতি সারা দেশের কৃষকদের গভীর আস্থা রয়েছে। এই আস্থা ধরে রাখতে বীজের মান ও বিশুদ্ধতা বৃদ্ধিতে কর্মকর্তাদের আরো তৎপর হতে হবে।

মধুপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক কর্মসূচিতে বিএডিসি চেয়ারম্যান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সব ধরনের কেনাকাটা ও দাফতরিক কাজে আর্থিক বিধি-বিধান এবং ‘পিপিআর-২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ভার বহন করতে হবে। সবশেষে তিনি বর্তমান সরকারের কৃষি নীতি ও প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মকর্তাদের অধিকতর দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।