যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ
মুসলিম কর্মীকে ১৫ বার ছুরিকাঘাত
Printed Edition
আনাদোলু ও এনবিসি নিউজ
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিংমলে ধর্মীয় বিদ্বেষের বশে এক মুসলিম কর্মীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। শপিংমলের ভেতরে ওই ব্যক্তিকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত করা হয়। হামলাকারী পুলিশের কাছে স্বীকার করেছে, কেবল ধর্মের কারণেই সে ওই ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে এই ঘৃণ্য অপরাধ করেছে।
সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। সল্ট লেক ট্রিবিউনের মঙ্গলবার প্রকাশিত খবর অনুযায়ী, ৪৮ বছর বয়সী হামলাকারী মলের একটি কিয়স্কে কর্মরত সোহাইল নামের ওই কর্মীর কাছে যায়। সেখানে সে প্রথমে কিছুটা সময় কথা বলে এবং তার নাম ও ধর্ম সম্পর্কে জানতে চায়।
উটাহ ইসলামিক সেন্টারের ইমাম শোয়েব দিন ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ রাখছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে খবরে উল্লেখ করা হয়েছে, ওই কর্মী যখন একটি পানির বোতল নেয়ার জন্য পেছনে ঘোরেন, ঠিক তখনই হামলাকারী তাকে ছুরিকাঘাত করতে শুরু করে। স্থানীয় সম্প্রচারমাধ্যম কেইউটিভি সন্দেহভাজন হামলাকারীর নাম পিটার লারসেন বলে উল্লেখ করেছে। সোমবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাকে হেফাজতে নেয়া হয়।
আদালতের নথির বরাত দিয়ে সল্ট লেক ট্রিবিউন উল্লেখ করেছে, পুলিশ আসার আগেই মলে উপস্থিত কয়েকজন ব্যক্তি হামলাকারীকে প্রতিহত করেন। তারা তাকে মাটিতে চেপে ধরে হাত থেকে ছুরি কেড়ে নেন। ধস্তাধস্তির সময় উপস্থিত লোকজনের মারধরে হামলাকারীও আহত হয়।