ইউক্রেন-ইইউ ড্রোন চুক্তি স্বাক্ষর

Printed Edition

রয়টার্স

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের গতিপ্রকৃতি বদলে দিতে এবার এক ঐতিহাসিক যৌথ ড্রোন চুক্তিতে সই করেছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই চুক্তির মূল লক্ষ্য হলো রণক্ষেত্রে অর্জিত ইউক্রেনের অনন্য যুদ্ধকৌশল ও অভিজ্ঞতা এবং ইউরোপের বিশাল শিল্প উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে যৌথভাবে ড্রোনের উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়ে দেয়া। গতকাল বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউক্রেনের জাতীয় রাষ্ট্রত্ব দিবস উপলক্ষে কিয়েভে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেয়া ভাষণে ফন ডার লেইন বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের উভয়ের শক্তিকে একত্রিত করা অত্যন্ত জরুরি। এই ঐতিহাসিক চুক্তি ইউক্রেনীয়দের অসাধারণ উদ্ভাবনী মেধা এবং ইউরোপের বিশাল শিল্প সক্ষমতাকে একই সুতোয় বাঁধবে। এর আগে ইউক্রেন এককভাবে বিশ্বের বিভিন্ন দেশের সাথে এই ধরনের বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করেছিল। এমনকি গত সপ্তাহে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরো তিনটি দেশের সাথে নতুন চুক্তি সই করেন। যার ফলে এই ধরনের মোট চুক্তির সংখ্যা দাঁড়ায় ৯টিতে। তবে বুধবারের এই চুক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটিই প্রথম চুক্তি যা সমগ্র ইউরোপীয় ইউনিয়নের সবক’টি দেশ এবং তাদের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে একক ছাতার নিচে নিয়ে আসবে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির ভূয়সী প্রশংসা করে ইইউ প্রধান বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোন এবং ড্রোন বিধ্বংসী (অ্যান্টি-ড্রোন) ব্যবস্থা যেভাবে আপনারা পরিচালনা করছেন, সেই অভিজ্ঞতা সত্যিই অতুলনীয় ও অনন্য।

তিনি আরো সতর্ক করে বলেন, আমাদের এখনই যৌথভাবে এই সুযোগটিকে কাজে লাগাতে হবে। কারণ ইউরোপ বর্তমানে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখোমুখি হচ্ছে। ইতোমধ্যেই ইইউর বেশ কয়েকটি সদস্য দেশের আকাশসীমায় অবৈধ ড্রোন অনুপ্রবেশ ও সতর্কবার্তা আমরা দেখতে পেয়েছি।