সিনেটে আটকে গেল ট্রাম্পের প্রতিরক্ষা বিল

Printed Edition
onno-2
সিনেটে আটকে গেল ট্রাম্পের প্রতিরক্ষা বিল

আলজাজিরা

ইরান যুদ্ধ নিয়ে আপত্তি তুলে যুক্তরাষ্ট্রের সিনেটে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের (এক লাখ ১৫ হাজার কোটি ডলার) বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল ঠেকিয়ে দিয়েছেন ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতারা। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের সাথে পরামর্শ না করেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের সাথে যুদ্ধ করতে পাঠিয়েছেন।

সিনেটে এক বক্তব্যে না ভোট দেয়ার কথা জানিয়ে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ‘ট্রাম্প কোনো অনুমোদন, কোনো কৌশল ছাড়া এবং যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ শুরু করেছেন।’ মঙ্গলবার ‘ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) শীর্ষক এই বিলের পক্ষে ৫০ এবং বিপক্ষে ৪৬ ভোট পড়লেও ১০০ সদস্যের সিনেটে পরবর্তী ধাপে যেতে প্রয়োজনীয় ৬০ ভোট না হওয়ায় এ বিল মুখ থুবড়ে পড়েছে। ভোটে মূলত দলীয় অবস্থানই প্রতিফলিত হয়ছে। রিপাবলিকানদের মধ্যে কেবল সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বিলটি পুনর্বিবেচনার সুযোগ রাখতে নিয়ম অনুযায়ী ‘না’ ভোট দেন। বাকি সব রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দেন।

গত মাসে মার্কিন সশস্ত্রবাহিনীবিষয়ক কমিটিতে বিলটি বিবেচনাধীনে থাকার সময় ডেমোক্র্যাট সদস্যদের ৯ জনই এর বিরোধিতা করেছিলেন। যদিও এনডিএএ সাধারণত দুই দলের সমর্থনেই পাস হয়ে থাকে। ডেমোক্র্যাটদের উদ্বেগের জায়গটি হলো, এত বড় একটি প্রতিরক্ষা বাজেট অনুমোদন দেয়া হলে সেটিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধে কংগ্রেসের সমর্থন হিসেবেই দেখা হবে। বিল নিয়ে ভোটটি এমন সময় হলো, যখন উত্তেজনা আবার বেড়েছে এবং ট্রাম্প প্রশাসন নতুন করে হামলা শুরুর মধ্যে ঘোষণা দিয়েছে যে, তারা ইরানের সব বন্দরের ওপর আবার নৌ অবরোধ কার্যকর করেছে। ইরান যুদ্ধ নিয়ে আপত্তি ছাড়াও ডেমোক্র্যাটরা আরো অভিযোগ করেছে যে, সাধারণ মার্কিনিদের জন্য সামাজিক কর্মসূচিতে ব্যয় কমানোর মধ্যেই ট্রাম্প প্রশাসন মোট সামরিক ব্যয় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে চাইছে।

এনডিএএ’র জন্য ওই তহবিল নির্ধারণের পাশাপাশি ট্রাম্প বাজেট সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে আরো ৩৫ হাজার ডলার অনুমোদনের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছেন। এ প্রক্রিয়ায় ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই তহবিল পাস করানো সম্ভব। বিলটিকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়ে দেয়া বক্তব্যে সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘এই বিল আমাদের সামরিক বাহিনীকে আজ এবং আগামী দিনের জন্যও প্রস্তুত করে রাখার নিশ্চয়তা দিতে সহায়ক হবে।’

এ বছরের এনডিএএতে নজিরবিহীন এক লাখ ১৫ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করা হয়েছে। এতে কতটি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হবে সেটি নির্দিষ্ট করার পাশাপাশি সেনাদের বেতন বাড়ানো এবং বিভিন্ন ভূরাজনৈতিক হুমকি মোকাবেলার নীতিমালাও নির্ধারণ করা হয়েছে।