বন্দরে ধর্ষণের পর মাদরাসা ছাত্রীকে হত্যা
Printed Edition
বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের বন্দরে আলিফা (১৩) নামে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে দড়ি সোনাকান্দা এলাকায় দেলোয়ার বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। গত রোববার বিকেল থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। নিহত কিশোরী নাসিক ২০ নং ওয়ার্ড দড়িসোনাকান্দা এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে দড়িসোনাকান্দা মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষার্থী।
নিহতের মা পারভিন বেগম জানান, গত রোববার বিকেলে একটি খালি বস্তা দিয়ে প্রতিবেশী তারা মিয়ার বাড়িতে মেয়ে আলিফাকে পাঠানো হয়। তারপর সে বাড়িতে ফিরে না আসায় সন্ধ্যার পর সম্ভব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করা হয়েছে। গতকাল ফজরের নামাজের পর প্রতিবেশী দেলোয়ারের বাড়ির গলিতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। আমার মেয়েকে নির্যাতনের পর হত্যা করেছে স্থানীয় মাদকাসক্তরা। মাদকাসক্তদের পাশবিক নির্যাতন ও হত্যার বিচার চাই।
বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, নিখোঁজের একদিন পর কিশোরীর মৃতদেহটি নিজ বাড়ির পাশে থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ও মুখে নখের আচড়, কামড়ের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নরপশুরা মাদরাসা ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে।