রাজধানীর কাওরান বাজার ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ড
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দুই ব্যস্ততম এলাকা কাওরান বাজার ও পুরান ঢাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে অল্প সময়ের ব্যবধানে এই দু’টি দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেছে।
সোমবার রাত ১০টা ২৮ মিনিটে কাওরান বাজারের টিসিবি ভবনের পার্শ্ববর্তী কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো: শাহজাহান জানান, খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরো তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্য দিকে কাওরান বাজারের ঘটনার কিছুক্ষণ পরেই রাত পৌনে ১১টার দিকে পুরান ঢাকার আগামাসিহ লেনের একটি জুতার কারখানায় আগুন লাগে। কারখানাটি একটি সাততলা ভবনের চতুর্থতলায় অবস্থিত ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দু’টি ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।