যুবককে পরিকল্পিত হত্যার অভিযোগ

Printed Edition

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা গোরস্থানপাড়া মাঠে আজিল শাহার মাজারের পেছনে একটি ঘাসের জমি থেকে জাহিদ হোসেন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মাজারসংলগ্ন জনৈক ইউনুস আলীর মালিকানাধীন ঘাসের জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। জাহিদ হোসেন জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা হাইস্কুলপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে জাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এরপর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে লাশটি জাহিদের বলে শনাক্ত করেন। নিহতের বড় ভাই এনামুল হক অভিযোগ করে বলেন, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে তার ভাইকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে হত্যা করা হয়েছে।

কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত বিরোধের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবীর, জীবননগর থানার ওসি সোলায়মান শেখ এবং তদন্ত কর্মকর্তা রিপন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, তদন্ত চলছে, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।