কিয়েভের জন্য ইউরোপের বিশাল সহায়তা প্যাকেজ
Printed Edition
রয়টার্স
ইউক্রেনের জনসেবা এবং প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার লক্ষ্যে বড় ধরনের আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার সংস্থাটি কিয়েভের জন্য ৯০ বিলিয়ন ইউরো বা ১০৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে। এই সহায়তা ইউক্রেনের অর্থনীতি ও সামরিক খাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন পার্লামেন্টে দ্রুত এই প্রস্তাব গ্রহণের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে ইউক্রেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিশ্রুতি রক্ষার প্রতিফলন ঘটেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইউক্রেনের অটল মনোবল রয়েছে। ইউরোপেরও রয়েছে তার পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প। কারণ একটি শক্তিশালী ইউক্রেন সমগ্র ইউরোপকে নিরাপদ করে তুলবে।’
অনুমোদিত এই তহবিল দু’টি প্রধান খাতের মাধ্যমে ইউক্রেনকে দেয়া হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ইউরো বা ৩৫.৮ বিলিয়ন ডলার সামষ্টিক অর্থনৈতিক সহায়তা হিসেবে প্রদান করা হবে। বাকি ৬০ বিলিয়ন ইউরো বা ৭১.৫ বিলিয়ন ডলার দেশটির প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য ব্যয় করা হবে। মূলত কিয়েভকে স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নিয়েছে ইইউ। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা বলেছেন, এই পদক্ষেপ ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, এই তহবিল দেশটির প্রতিরক্ষাকে শক্তিশালী করার পাশাপাশি প্রয়োজনীয় জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করবে। তবে সহায়তার প্রথম কিস্তি ছাড়ের আগে বিষয়টিতে ইইউ কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে।