রমজান ঘিরে মাদারগঞ্জে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী
Printed Edition
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবু ও কাঁচামরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে।
গতকাল সোমবার বালিজুড়ী কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মানভেদে বেগুন কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ৩০ থেকে ৪০ টাকা। শসা কেজি ৮০ থেকে ৯০ টাকা, যা গত সপ্তাহে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর। এক মাস আগেও লেবুর হালি ১০ থেকে ২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৫০ থেকে ৭০ টাকায় গিয়ে ঠেকেছে। রসুন ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
গোশতের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। ব্রয়লার মুরগি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩৪০ টাকা, গরুর গোশত ৭০০ থেকে ৮০০ টাকা এবং খাসি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ছোলা, চিনি, পেঁয়াজ ও আলুর দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারে বাড়তি সরবরাহ থাকায় কিছু পণ্যের দাম কমতির দিকেও রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখা জরুরি। বাজার মনিটরিংয়ের মাধ্যমে দাম স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।