ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সাঈদ-উর রহমানের ইন্তেকাল
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাঈদ-উর রহমান বার্ধক্যজনিত কারণে গতকাল রোববার ঢাকায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাঈদ-উর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে ভিসি বলেন, তিনি নিষ্ঠাবান শিক্ষক, গবেষক এবং বিশিষ্ট লেখক ও সাহিত্য চিন্তক ছিলেন। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম অধ্যাপক ড. সাঈদ-উর রহমানের নামাজে জানাজ রোববার বাদ মাগরিব উত্তরার ১২ নম্বর সেক্টরের মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক ড. সাঈদ-উর রহমান ১৯৪৮ সালের ২৬ মার্চ কুমিল্লা জেলার শিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে কুমিল্লা জেলা স্কুল থেকে তিনি মাধ্যমিক এবং ১৯৬৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে তিনি বাংলায় স্নাতক (সম্মান) ও ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৮০ সালে ফরাসি ভাষায় ডিপ্লোমা করেন। ১৯৯১ সালে তিনি বাংলা বিভাগে অধ্যাপক পদে উন্নীত হন। ‘পূর্ববাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ও সমকালীন কবিতা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯৭৯ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। ঐতিহাসিক দৃষ্টিকোণে মধ্যযুগের সাহিত্য প্রসঙ্গে বিভিন্ন আলোচনা-সমালোচনামূলক প্রবন্ধ রচনা করেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশের আর্থসামাজিক-রাজনৈতিক ইতিহাস ও মার্কসবাদ তার আগ্রহের ক্ষেত্র ছিল। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো-চারু মজুমদার ও অন্যান্য প্রসঙ্গ (১৯৭৩), পূর্ববাংলার সাংস্কৃতিক আন্দোলন (১৯৮৩), পূর্ববাংলার রাজনীতি-সংস্কৃতি ও কবিতা (১৯৮৩) এবং এ কেমন বাংলাদেশ (১৯৯৮)। তার সম্পাদিত বইয়ের মধ্যে আছে মার্কস ও মার্কসবাদীদের সাহিত্যচিন্তা (১৯৮৫)।
মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে ১৯৭১ সালে তিনি রণাঙ্গনে ছিলেন। বিজ্ঞপ্তি।