পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায় সংবর্ধনায় স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে।
উপদেষ্টা গতকাল সোমবার পুলিশ সদর দফতরে পুলিশ অধিদফর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আইজিপি বাহারুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, র্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। সে জন্য আমি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, গত রোববার অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিল, সবার সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের অবস্থান আজ যথেষ্ট সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। উপদেষ্টা সে জন্য সন্তোষ প্রকাশ করেন ও পুলিশের এ সম্মানজনক অবস্থানকে আরো উন্নীত করতে সচেষ্ট হওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এসব নিয়োগ প্রদান করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি বলেন, এসব নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দফতর থেকে কোনো ধরনের তদবির করা হয়নি তা হলফ করে বলতে পারি।
উপদেষ্টা এর আগে বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং বিজিবি আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে উপদেষ্টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদফতর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।