বোয়ালখালীতে আগুনে পুড়ল ৯ বসতঘর

Printed Edition

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে আগুনে ৯টি বসতঘর পুড়ে গেছে। শনিবার রাত ৮টার দিকে পশ্চিম শাকপুরা এলাকায় রফিক সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবি, নগদ অর্থ, কাপড়চোপড় ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন শামসুল আলম, নুরুল আলম, জাহাঙ্গীর আলম, হৃদয়, দিদার, আনু মিয়া, মনু মিয়া, মনজুর মিয়া ও হান্নান।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।