গাজীপুর-৫ আসনে বিএনপি প্রার্থীর সম্পদ সাড়ে ৩ কোটি টাকা

Printed Edition

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুর-৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৩৬৮ টাকা। নির্বাচনে অংশ নিতে দাখিল করা হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৩০ লাখ ৫৬৪ টাকা।

মনোনয়নপত্র দাখিলের সময় কালীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের কাছে তিনি সম্পদ, আয় ও দায়-দেনার বিস্তারিত বিবরণ সংবলিত হলফনামা জমা দেন। সেই অনুযায়ী, ফজলুল হক মিলনের হাতে নগদ রয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮২৯ টাকা। ব্যাংকে জমা আছে ১৩ লাখ ২৬ হাজার ৩৪১ টাকা। তার মালিকানায় রয়েছে ৫০ ভরি স্বর্ণালঙ্কার। এ ছাড়া ব্যবহারযোগ্য আসবাবপত্রের মূল্য দেড় লাখ টাকা এবং ইলেকট্রনিক পণ্যের মূল্য ৫০ হাজার টাকা দেখানো হয়েছে। হলফনামায় স্ত্রীর সম্পদের বিবরণও উল্লেখ করা হয়েছে। স্ত্রীর কাছে নগদ রয়েছে ২১ লাখ ৭১ হাজার ২০৫ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে দুই লাখ ৫৩ হাজার ২৪৮ টাকা। তার মালিকানায় রয়েছে ২০০ তোলা স্বর্ণালঙ্কার, দুই লাখ ৫০ হাজার টাকার আসবাবপত্র ও এক লাখ ৭৫ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য। স্বামী-স্ত্রী উভয়ের নামে আগ্নেয়াস্ত্র থাকার তথ্যও হলফনামায় উল্লেখ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ফজলুল হক মিলন এমএসএস (মাস্টার্স) ডিগ্রিধারী বলে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া অতীতে আরও ৪৩টি মামলা ছিল বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এসব মামলার মধ্যে কিছু স্থগিত, কিছুতে খালাস ও অব্যাহতি, আবার কিছু মামলা নিষ্পত্তি, প্রত্যাহার কিংবা চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে শেষ হয়েছে। পেশা হিসেবে তিনি ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী বলে উল্লেখ করেছেন। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৫ লাখ ২৮ হাজার ৪০০ টাকা। বাড়ি বা সম্পত্তি ভাড়া থেকে আয় ১৪ লাখ ৪৬ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে আয় ২৬ হাজার ১৬৪ টাকা দেখানো হয়েছে।