সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

রাকাবে নবনিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। ইনস্টিটিউটের অধ্যক্ষ এস এম আহসানউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দিন আহম্মদ। মাসব্যাপী এ প্রশিক্ষণে কর্মকর্তা পর্যায়ের ৪০ জন অংশ নিয়েছেন। ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকিং কার্যক্রম, ঋণ ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ও গ্রাহকসেবা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ দেয়া হবে। কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বগুড়া অফিস।

মাধবপুরে ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি-৫৫ ব্যাটালিয়ন। গত বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে সন্দেহজনক একটি বালুবাহী ট্রাক আটক করে বিজিবি। পরে বালুর নিচে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়। পৃথক অভিযানে দুই হাজার ১৬৫ বোতল ভারতীয় মদ ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় ভারতীয় পণ্য চোরাচালানির সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তারা জানান। বিজিবি আরো জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান আরো জোরদার করা হবে। হবিগঞ্জ প্রতিনিধি।

বাঁশের সাঁকো নির্মাণ নিয়ে সংঘর্ষ

ফরিদপুরের সালথায় বাঁশের সাঁকো নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বলতলা ব্রিজ এলাকায় এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, ময়েনদিয়া বাজারের আধিপত্য নিয়ে মুশফিক বিল্লাহ জিহাদ ও পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে খারদিয়া-ময়েনদিয়া কুমার নদীতে সাঁকো নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষে অনেকেই আহত হন। আহতদের বোয়ালমারীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও পাঠানো হয়। সালথা থানার ওসি মো: বাবলুর রহমান খান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা

হয়েছে। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।

পদ্মায় নিখোঁজ রকিবের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে পিকনিকের নৌকার ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকির লাশ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌপুলিশ। রকি ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ১২৩ যাত্রী নিয়ে পিকনিকের নৌকাটি হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে ধাক্কা খায়। এতে কয়েকজন নদীতে পড়ে যান। তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও রকির সন্ধান পাওয়া যায়নি। অবশেষে রোববার সকালে তার লাশ ভেসে ওঠে। ঈশ্বরদী থানার ওসি মো: আশাদুর রহমান জানান, লাশটি রকির বলে নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।

নিকলীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে গত শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হয়। ইউএনও শামীম আরার সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সজীব ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মো: আসিফ ইমতিয়াজ মনিরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পলিথিন, নারিকেলের ছোবড়া, প্লাস্টিক ও ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তিনি সবাইকে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানান। নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

বদলি ঠেকাতে রানীশংকৈলে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: মজিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গত শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে রানীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরাম ও সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, যোগদানের পর থেকে মজিবুর রহমান ভূমি সেবায় স্বচ্ছতা, দালালমুক্ত সেবা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষ হয়রানিমুক্তভাবে ভূমি সেবা পাচ্ছেন। তার বদলিতে এ সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করে তাকে রানীশংকৈলে বহাল রাখার দাবি জানান বক্তারা। মানববন্ধনে উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন। রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।

শিমুলিয়া ঘাটে রেস্তোরাঁয় হামলা ভাঙচুর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় এক পর্যটক ও চার রেস্তোরাঁকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে দাদা ভাই ফাস্ট ফুড ও আশপাশের কয়েকটি দোকানে এ হামলা হয়। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে বেদে সম্প্রদায়ের কয়েকজন সেখানে জুসের অর্ডার দেন। অর্ডারকে কেন্দ্র করে কর্মচারীদের সাথে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বেদে সম্প্রদায়ের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে এসে কয়েকটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালায়। এতে রেস্তোরাঁর রাজুসহ চার কর্মী ও রাব্বি (২৪) নামের এক পর্যটক আহত হন। পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।

মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা

হবিগঞ্জে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মানবিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি ভাতাপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি বলেন, সুন্দর ও আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম। তিনি বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাস, দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার তারেক মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় বক্তারা তরুণদের মাদক থেকে দূরে রাখতে ইমামদের বিশেষ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। হবিগঞ্জ প্রতিনিধি ।