স্বপ্নপূরণের অতি কাছে নারী হকি
এশিয়ান গেমস হকি কোয়ালিফাইং
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
তারিকুজ্জামান নান্নু হাত ধরে পুনঃজন্ম হয়েছে বাংলাদেশের নারী হকির। ধীরে ধীরে সুফল পেতে শুরু করেছে। যে নারী দলটিকে অবহেলার চোখে দেখা হতো, তারাই এখন এশিয়ার মঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অবশ্য শেষ দিকে এসে বাংলাদেশ হকি ফেডারেশন কিছুটা নজর দিয়েছে বলেই উত্থান ঘটেছে দলটির। পুরুষদলের মতো পুর্ণ মনোযোগ দিলে আরো আগেই লাইম লাইট চলে আসত অর্পিতারা। ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমস কোয়ালিফাইংয়ে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সাথে ৫-৫ গোলে ড্র করার পর গতকাল উজবেকিস্তানকে হারাল ৩-২ গোলে। তাতে ৪ পয়েন্ট নিয়ে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের টিকিট পাওয়ার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশের মেয়েরা। আগামিকাল খেলা রয়েছে হংকংয়ের সাথে। জিতলে কিংবা ড্র করলেই হতে পারে স্বপ্ন পূরণ।
গত বৃহস্পতিবার বাংলাদেশ নারী হকির ইতিহাসে দু’টি নতুন অধ্যায় রচিত হয়েছে। প্রথমবারের মতো ইলেভেন সাইডে এশিয়ান গেমস কোয়ালিফাইংয়ে অংশগ্রহণ এবং ইন্দোনেশিয়া বনাম কাজাখস্তানের ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার কিমি কর্মকারের বাঁশি বাজানো। দেশের গন্ডি পেরিয়ে নারী হকি আকাশ ছুঁতে চলেছে।
১৯৭৮ সালের ২৮ ডিাসেম্বর আনুষ্ঠানিকভাবে হকি স্টেডিয়ামে হয়েছিল প্রদর্শনী মহিলা হকি প্রতিযোগিতা। এর আগে ১৯৭৭ এর ডিসেম্বর মাসে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল মেয়েদের বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দেয়া হবে। মরহুমা শ্রদ্ধেয় সালমা রফিকের নেতৃত্বে হকি ও বাস্কেটবল প্রশিক্ষণ হয়েছিল। হকির কোচ ছিলেন বশির আহমেদ ও মরহুম নুরুল ইসলাম নান্না। অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি উনাদের পরিকল্পনা। ২০০৯ সালের ৪ নভেম্বর ঢাকা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মওলানা ভাসানী স্টেডিয়ামে আবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় মেয়েদের হকি প্রশিক্ষণ। তারিকুজ্জামান নান্নুর ঐকান্তিক ইচ্ছায় পরবর্তিতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় ক্রীড়া পরিদফতরের বার্যিক ক্রীড়া কর্মসূচির মাধ্যমে শুরু হয় মেয়েদের হকি প্রশিক্ষণ।
২০১৯ সালে বাহফে জুনিয়র এএইচএফ কাপ হকিতে নারী হকি দলকে প্রেরণের সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে ২০২০ সালে বিকেএসপিতে মেয়েদের হকি অন্তর্ভুক্ত হয়। এরপর ২০২৩ সালে ওমানে জুনিয়র এশিয়ান হকি ফাইভে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ নারী হকি সিনিয়রদের প্রথম অংশগ্রহন। আর এবার ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস কোয়ালিফায়ারে ইলেভেন সাইডে প্রথম অংশগ্রহণ। এর আগে ২০২৪ সালে সিঙ্গাপুরে জুনিয়র এএইচ কাপে কোয়ালিফাই করে ওমানে এশিয়া কাপে অংশগ্রহণ করে নারী হকি দল।
গতকাল এশিয়ান গেমস কোয়ালিফাইংয়ে ৩-২ গোলে উজবেকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। একটি করে ম্যাচ খেলা তাইপের এক পয়েন্ট এবং হংকংয়ের পয়েন্ট শুন্য। আগামীকাল লাল-সবুজরা তৃতীয় ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। শীর্ষ চার দল যাবে জাপানে মূল পর্বে।
হ্নইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে গতকাল ১১ মিনিটে শারিকা সাফার পেনাল্টি কর্নার থেকে গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এক মিনিট পরই সমতায় ফেরে উজবেকিস্তান। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে জড়ান কনা আক্তার (২-১)। তৃতীয় কোয়ার্টারে ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আইরিন আক্তার রিয়া (৩-১)। চতুর্থ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় উজবেকিস্তান (৩-২)। পরে আর গোল না হলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যাচ সেরা আইরিন আক্তাররা।
তাদের প্রাথমিক গুরু নান্নু জানান, ‘৩-১ এ লিড নেয়ার পর সিচুয়েশন বুঝে পরিকল্পনা করা উচিত ছিল। শেষের দিকে তারা তা করতে পারেনি। নিজেদের মাঝে বল রাখতে পারেনি। এগুলো তাদের আয়ত্তে আনতে হবে। আশা করছি হংকংয়ের বিপক্ষে জিতবে বাংলাদেশ। তাহলে একটা বড় স্বপ্ন পূরণ হবে। যে স্বপ্নের বীজ তারা শুরুতে বপন করেছিল।’