অবশেষে আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের ১৯ বছর বয়সী তারকা ইয়ান দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবের মাঝে ১৪০ মিলিয়ন ইউরো বা প্রায় ২ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। এটি রিয়ালের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ট্রান্সফার।
দিয়োমান্দে রিয়ালের সাথে ২০৩৩ সালের গ্রীষ্ম পর্যন্ত সাত বছরের চুক্তি করেছেন। এর আগে রিয়াল ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেয় লাইপজিগ। পরে জার্মান ক্লাবটির চাওয়া পূরণ করেই চুক্তি সম্পন্ন করে স্প্যানিশ জায়ান্টরা।
চলতি গ্রীষ্মের দলবদলে বেশ সক্রিয় রিয়াল। ইতোমধ্যে বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস ও মার্ক কুকুরেয়াকে দলে টানার পর দিয়োমান্দের আগমনে দলটি আরো শক্তিশালী হলো।
দিয়োমান্দেকে ঘিরে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের আগ্রহ ছিল। প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) তাকে দলে নেয়ার দৌড়ে অনেক দূর এগিয়েছিল। এমনকি ২০৩১ সাল পর্যন্ত চুক্তির বিষয়ে নীতিগত সমঝোতার খবরও প্রকাশিত হয়েছিল।
তবে শেষ পর্যন্ত ট্রান্সফার ফি ও বেতনের অঙ্ককে অস্বাভাবিক উল্লেখ করে আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ায় ফরাসি ক্লাবটি। এদিকে লিভারপুলও দিয়োমান্দেকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। তবে তারা ৮৫ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে রাজি হয়নি।
এ ছাড়া আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিও পুরো পরিস্থিতির ওপর নজর রেখেছিল। তবে সব প্রতিযোগীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত রেকর্ড অঙ্কের ট্রান্সফারে ইউরোপের এই তরুণকে নিজেদের করে নিলো রিয়াল, যা ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত ট্রান্সফার।